
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারল না। প্রথম কোয়ালিফায়ারে হারের পর দ্বিতীয় সুযোগের ম্যাচেও জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। মাত্র ৪৫ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হেটমায়ার।
জবাবে ২০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দলগত ব্যাটিংয়ের পরিচয় দেয় জ্যামাইকা। সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪ এবং কিচি কার্টির ৫৬ রানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয়।
শেষদিকে রোভম্যান পাওয়েল মাত্র ১৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তার ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা কিংসম্যান।
গায়ানার হয়ে এ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ। বল হাতেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। চার ওভার বোলিং করে ৪৩ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।
এই জয়ের ফলে সিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে জ্যামাইকা কিংসম্যান। অন্যদিকে, টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে ওঠা গায়ানার ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল।