
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা দিতে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংকের নির্ধারিত শাখা খোলা রাখার উদ্যোগ নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব শাখা চালু রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে হজ নিবন্ধনের অর্থ নির্ধারিত সময়ে গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার হওয়ায় নিবন্ধনপ্রত্যাশীদের অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন হলেও হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর নির্ধারিত শাখা সম্পূর্ণ সচল রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
শুধু ব্যাংকের নিয়মিত অফিস সময়ের মধ্যেই নয়, ওই দুই দিনে অফিস সময় শেষ হওয়ার পরও অর্থ জমা দিতে আসা হজযাত্রী বা তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকা পর্যন্ত টাকা গ্রহণের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে।
এ জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে হজযাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।