
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু করবে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম। আগামী ডিসেম্বরের মধ্যে এই ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ শেষ করার কথা রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রোসাটম।
বিবৃতিতে বলা হয়, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী কয়েকটি চালানে আকাশপথে বাংলাদেশে পারমাণবিক জ্বালানি পাঠানো হবে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ পুরো সরবরাহ প্রক্রিয়া শেষ হবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। সে সময় বিদ্যুৎকেন্দ্রটির ‘গ্র্যাজুয়েশন’ সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।
রোসাটমের প্রকৌশল শাখা প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে।