
দুর্গাপূজার প্রিভিউ শোর নামে ভুয়া পাস বিক্রি ও কোটি কোটি রুপির আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িসহ একাধিক স্থানে অভিযান চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও আশপাশের এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।
ইডির অভিযানের তালিকায় রয়েছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইন্দ্রনীল সেনের কলকাতার কসবার বাড়ি, হিন্দুস্তান পার্কের একটি ঠিকানা এবং হুগলির সিঙ্গুরের কাছে তাঁর ‘মোহর’ নামের বাগানবাড়ি। এ ছাড়া সংশ্লিষ্ট কয়েকজনের বাড়ি ও প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ১৫টি স্থানে অভিযান চলছে।
অভিযান শুরুর পর সংশ্লিষ্ট বাড়ি ও স্থাপনাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সিঙ্গুরের ছুটিপুর এলাকায় ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতেও ইডির কর্মকর্তারা তল্লাশি চালান।
তদন্তের কেন্দ্রে রয়েছে ‘মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি’ বা ‘মাসআর্ট’ নামের একটি সংস্থা। ইডির অভিযোগ, কলকাতার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রিভিউ শো বা পুজো পরিক্রমার নামে চড়া দামে পাস বিক্রি করা হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এভাবে প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপি সংগ্রহ এবং আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে। তবে অর্থের পরিমাণসহ অভিযোগের বিস্তারিত বিষয় এখনো তদন্তাধীন।
অভিযোগ রয়েছে, সংস্থাটি নিজেদের ইউনেসকোর সঙ্গে যুক্ত বা ‘অফিশিয়াল পার্টনার’ হিসেবেও প্রচার করেছিল। কলকাতার দুর্গাপূজা ২০২১ সালে ইউনেসকোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তবে ‘মাসআর্ট’-এর সঙ্গে ইউনেসকোর সম্পর্কের দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থাটির পক্ষ থেকে ইউনেসকোর নাম ও পরিচয় ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনায় কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগে ২০২২ সালে গঠিত ‘মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি’র মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে অর্থ সংগ্রহের বিষয়টি উল্লেখ করা হয়।
এদিন সল্টলেকের একটি বাড়িতেও অভিযান চালানো হয়। সেখানে থাকা সায়ন্তন মৈত্র ‘মাসআর্ট’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ইডি তাঁর সঙ্গে ইন্দ্রনীল সেন ও সংস্থাটির আর্থিক লেনদেন এবং কার্যক্রমের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।