
মিরপুরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাঙ্গণ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিদর্শন শেষে তিনি বলেন, যে দখলদাররা ক্লিনিকটি কবজা করেছিল, তারাই এখন সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ ঘুরে দেখে হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ঘটনার পরদিন সকালে তারা সেখানে উপস্থিত হয়ে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েছে।
সরকারি দলের সাফাই অভিযানকে কটাক্ষ করে আসিফ মাহমুদ বলেন, "সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ার" মতো নাটকীয়তা চলছে। শুধু রাড্ডা ক্লিনিক নয়, মোহাম্মদপুরসহ দেশজুড়ে চলা সব অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ না হওয়া পর্যন্ত কোনো ধন্যবাদ দেওয়া সম্ভব নয়।
ক্লিনিকটির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হেলমেট বা লাঠিসোঁটার দখলের পাশাপাশি ‘কলমের খোঁচায়’ দখল বন্ধ করতে হবে। এখানে ১০ তলা ভবন নির্মিত হলেও পুরো ভবনই রাড্ডা ক্লিনিককে দিতে হবে। দুই ফ্লোর দিয়ে বাকি অংশে বাণিজ্য বা ভাগ-বাটোয়ারা চলবে না।
আসিফ মাহমুদ রাড্ডাকে জনগণের প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করেন। লুট হওয়া চিকিৎসা সরঞ্জাম ও টিকার ক্ষতিপূরণসহ সরকারি খরচে স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ এবং প্রায় ২০০ জনের হামলাকারী গ্যাংয়ের সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।