
কুমিল্লার দেবিদ্বারে একটি উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে আপত্তি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। পরে তিনি নামফলক উন্মোচন না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় ও বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানের একপর্যায়ে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় নিজের নাম খোদাই করা দেখতে পান তিনি। এতে আপত্তি জানিয়ে নামফলক উন্মোচন না করার সিদ্ধান্ত নেন হাসনাত। বিদ্যালয় কর্তৃপক্ষকে নামফলক পরিবর্তনের নির্দেশনাও দেন তিনি।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তিবিশেষের নাম ব্যবহারের সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের অর্থেই উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। তাই নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম, প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য কিংবা ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা যেতে পারে।
তিনি আরও জানান, ভবিষ্যতে তাঁর নির্বাচনি এলাকার কোনো উন্নয়নমূলক কাজের নামফলকে তাঁর নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।