
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা মাস চূড়ান্ত হয়নি। তবে উপযুক্ত সময়ে সফরটি হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ নিয়ে তাড়াহুড়োরও প্রয়োজন নেই।
দীনেশ ত্রিবেদী বলেন, এ সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারপ্রধানরা একসঙ্গে বসলে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব।
তিনি বলেন, ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে তিনি শতভাগ কাজ করবেন।
ভারতীয় হাইকমিশনারের ভাষ্য, দুই দেশের প্রধানমন্ত্রী যখন পরস্পরের জন্য সুবিধাজনক সময় মনে করবেন, তখনই সফরটি হবে। ভারত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবিরও বলেছেন, দুই দেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব। উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে বলেও জানান তিনি।