
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিনের আবেদন আবারও প্রত্যাখ্যান করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
‘সিনেমায় ভিলেন, বাস্তবে নন’
শুনানি শেষে ডনের আইনজীবী সাংবাদিকদের বলেন, সিনেমার প্রয়োজনে ডন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন, তবে বাস্তব জীবনে তিনি ভিলেন নন। তাকে এ মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, সালমান শাহের মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করলে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখার সুযোগ রয়েছে। এসব কারণ দেখিয়ে ডনের জামিন পাওয়ার অধিকার রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরও আগে ১২ আগস্ট তার জামিনের আবেদন নাকচ করা হয়েছিল।
সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডনকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর পর ফের জামিনের আবেদন করা হয়।
ওমরাহ পালনে যাওয়ার পথে গ্রেপ্তার
গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা যায়, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা ছিল।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এ-সংক্রান্ত তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।