
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজু গাজী নামে এক বাদাম বিক্রেতা। জীবনের এই মুহূর্তকে সার্থক বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘বাদাম বেচি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাইছি, জীবনে আর কী লাগে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ পান রাজু।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান তিনি।
এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
পন্টুনের দিকে যাওয়ার পথে উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজু গাজীর সঙ্গেও হাত মেলান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
পরে প্রধানমন্ত্রী সামনে এগিয়ে গেলে উচ্ছ্বসিত রাজু বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কইলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাইছি, জীবনে আর কী লাগে।’
বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
বিকেলে প্রধানমন্ত্রীর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা রয়েছে। পরে তিনি প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল এলাকাও ঘুরে দেখবেন।