
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দেখা দেওয়া রক্তশূন্যতার সমস্যাও কেটে গেছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং আগের চেয়ে সুস্থ বোধ করছেন।
শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য জানান।
তিনি বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। বর্তমানে সেই সমস্যা কেটে গেছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা আজ করা হবে। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।