
ভারতের মণিপুরে দীর্ঘদিনের সংঘাতের অবসান ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে রাজ্যটির উপত্যকার পাঁচ জেলায় একযোগে ‘শব্দ প্রতিবাদ’ ও বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ইম্ফলের ঐতিহাসিক কাংলা ফোর্টের কাছে বিক্ষোভ উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সুশীল সমাজের সংগঠন ফেডারেশন অব হাওমির আহ্বানে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত আধা ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা হাঁড়িপাতিল ও থালাবাসন বাজান, হাতুড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করেন, ঢাকঢোল পেটান এবং গাড়ির হর্ন ও সাইরেন বাজিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিংয়ের নির্বাচনী এলাকা সিঞ্জামেইও কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা মণিপুরের ঐতিহাসিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কাংলা ফোর্টের দিকে পদযাত্রা করেন। দুর্গটি লোক ভবন ও মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছেই অবস্থিত।
প্যালেস কম্পাউন্ড, মইরাংখোম ও কেইসামপাত সংযোগস্থলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের আটকে দেয়। তবে শত শত মানুষ কাংলা ফোর্টের ফটক পর্যন্ত পৌঁছান। তাঁদের দুর্গের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সেখানে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) হালনাগাদ ও বাস্তবায়ন, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে স্বাক্ষরিত ‘সাসপেনশন অব অপারেশন্স’ (এসওও) চুক্তি বাতিল। দীর্ঘদিনের জাতিগত সংঘাত ও সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিও জানান তাঁরা।