
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। শনিবার (২৪ অক্টোবর) আঘাত হানা প্রথম ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ৭ দশমিক ২ বলা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তা ৬ দশমিক ৯ নির্ধারণ করে। এর প্রায় পাঁচ মিনিট পর একই অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভানুয়াতুর সোলা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ইউএসজিএসের পরবর্তী হিসাবে ভূমিকম্পটির কেন্দ্র পোর্ট-ওলরি শহর থেকে প্রায় ১৯৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে বলে উল্লেখ করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কা জানানো হয়েছিল। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পে ফিলিপাইনের জন্য সুনামির কোনো হুমকি নেই।
ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর পারস্পরিক নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।