
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশকে কয়েক দফায় অনুরোধপত্র পাঠিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারেন—এমন আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁরাও শুনেছেন। তাঁকে ফেরত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
অস্থিরতা তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই এ ধরনের অপপ্রচেষ্টা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতির সুযোগ নেওয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিজেদের কৌশল অনুযায়ী এ ধরনের চেষ্টা চালাতে পারে। তবে সরকার দেশে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া এবং বাংলাদেশের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো অপতৎপরতা এ দেশে চালাতে দেওয়া হবে না। অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে নির্বাচন
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এ নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে। তবে এ ব্যবস্থা কার্যকর করতে আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করে তা আবার চালু করতে হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
এই ব্যবস্থা ফিরিয়ে আনা তাঁদের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে।