
সরকারের অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ দ্বিধা করবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাধীনতা ভোগ করার অর্থ এই নয় যে, যে কেউ নিজের খেয়ালখুশিমতো কাজ করতে পারবেন।
আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো ঘটনার জন্য পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতার সমালোচনাও করেন আইজিপি।
দেশের পাড়া-মহল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে মো. আলী হোসেন ফকির অভিযোগ করেন, মাদক কারবারের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যও জড়িত রয়েছেন।
পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরে তিনি জানান, গত দুই মাসে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।