
সন্ত্রাসীদের পাসপোর্টের জন্য আবেদন করা হয় না; প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাঁড়িয়াপাড়ায় নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা আছে অপেক্ষায়। তার জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল, পরিবার সব ধ্বংস করেছে- এখানে এখন যারা আছে তাদেরও ধ্বংস করা শুরু করেছে৷
নিজের বাসার গেটে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে- জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয়, এদেশের মানুষ জানে সরকারও জানে।
তিনি আরও বলেন, সরকার সহনশীলতা চর্চা করে৷ কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই, সরকার কঠোর অবস্থান নিবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠি আছে যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।
এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না কোন চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?