
সাভার, আশুলিয়া ও গাজীপুরের তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তবে সব কারখানায় যে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষ রয়েছে, বিষয়টি এমন নয়। অনেক কারখানার মালিকপক্ষের দাবি, বাইরে থেকে আসা লোকজন কারখানার সামনে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটাচ্ছে। নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখতে হচ্ছে তাদের।
তৈরি পোশাক প্রস্তুতকারক একটি গ্রুপ অব কোম্পানির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘এই অঞ্চলে যেসব গার্মেন্টস কারখানা রয়েছে, তার অধিকাংশেই শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নেই। সবাই নিয়মিত কাজ করছেন। সমস্যা হচ্ছে, বাইরের দু-একটি কারখানা থেকে লোকজন এসে আমাদের এখানে হাঙ্গামা করছে। কারখানার গেটে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ঢিল ছুড়ছে।’
ওই কর্মকর্তার অনুরোধে কোম্পানির নাম প্রকাশ করা হয়নি।
তিনি জানান, আশুলিয়ায় তাদের গ্রুপের চারটি কারখানা রয়েছে। কোনো কারখানাতেই অভ্যন্তরীণ সমস্যা ছিল না। শ্রমিকরাও বিক্ষোভ করেননি। তারপরও হামলার আশঙ্কায় কারখানাগুলো বন্ধ রাখতে হয়েছে।
তিনি বলেন, ‘এর পেছনে অন্য কোনো কারণ নেই। আমাদের শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু বাইরের লোকজনের হাঙ্গামার কারণে গার্মেন্টস শ্রমিক ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদের ছুটি দিতে হচ্ছে। এখানকার অধিকাংশ কারখানার অবস্থাই এমন।’
হামলা বন্ধ করে কারখানার উৎপাদন চালু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক সহায়তা পাচ্ছেন না তারা।
তার ভাষায়, ‘গার্মেন্টস আজ পর্যন্ত যতবার বন্ধ করেছি, কোনোবারই প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাইনি। যেখানে গোলযোগ তৈরি হয়, সেখানে প্রশাসনের লোকজন যায়। কিন্তু ধরুন, এই কারখানাটি চালু থাকবে এবং বাইরে থেকে কেউ হামলা করতে পারবে না—এমন নিরাপত্তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত পাইনি।’
তৈরি পোশাকশিল্পের এই কর্মকর্তার বর্ণনা অনুযায়ী, বর্তমানে সাভার, আশুলিয়া থেকে গাজীপুর পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে। এসব এলাকায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে শ্রমিক বিক্ষোভ হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা।
এরই মধ্যে শ্রমিক অসন্তোষের অন্যতম প্রধান কারণ মজুরি বৃদ্ধির দাবি নিয়ে দুই দফা বৈঠক করেছে নিম্নতম মজুরি বোর্ড। কিন্তু মজুরি নিয়ে আলোচনা চলার পরও বিক্ষোভ থামছে না কেন? শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আসলে কী ঘটছে? আর এর ফলে অর্থনীতিতে ক্ষতির পরিমাণই বা কতটা?
উৎপাদন বন্ধ, রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় মালিকরা
গত সোমবার ও মঙ্গলবার আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকা ঘুরে বেশ কয়েকটি কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা গেছে।
কবে কারখানা খুলবে, তা জানেন না শ্রমিকেরা। এমনকি কারখানা পুনরায় চালু করা সম্ভব হবে কি না, সে বিষয়েও নিশ্চিত নন মালিকপক্ষ।
বিশেষ করে গাজীপুরে টানা কয়েক দিন ধরে চলা শ্রমিক বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর সেখানকার পরিস্থিতিও আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
এক দিনেই তিনশটি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।
কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা।
আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার কোম্পানি সেক্রেটারি রওশন আলী খোন্দকার লিটন বলেন, ‘ধরুন, আমাদের একটি কারখানায় ১৫ দিনে চার লাখ পিস প্যান্ট উৎপাদনের সক্ষমতা রয়েছে। এখন ১৫ দিন কারখানা বন্ধ থাকায় চার লাখ পিস প্যান্ট উৎপাদন করা সম্ভব হয়নি। এতে আমার সরাসরি ক্ষতি ২০ কোটি টাকা। এই ক্ষতিটা চোখে দেখা যাচ্ছে। কিন্তু এর বাইরে আরও ২০ কোটি টাকা লাভ করার সুযোগ ছিল, সেটিও হাতছাড়া হয়েছে। অর্থাৎ টাকা তো লোকসান হচ্ছেই, এর পাশাপাশি এই দিনগুলোর শ্রমিকদের বেতনও দিতে হবে।’
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এসব পোশাক উৎপাদন করে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নে রওশন আলী খোন্দকার লিটন বলেন, ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।
তিনি ব্যাখ্যা করে বলেন, উৎপাদনে বিলম্বের কারণে এক-চতুর্থাংশ পণ্য বিদেশি ক্রেতারা আর নাও নিতে পারেন। কারণ, এর মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে পোশাকের মৌসুম পরিবর্তন হয়ে যেতে পারে। আরেক অংশের পণ্য ক্রেতারা দেরিতে হলেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে মূল্যছাড় দাবি করবেন। বাকি কিছু পণ্য জাহাজের পরিবর্তে বিমানে পাঠাতে হতে পারে, যার খরচ হবে কয়েক গুণ বেশি।
তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে এসব ক্ষতি কাটিয়ে ওঠার মতো সুযোগ বা সক্ষমতা কোনো গার্মেন্টস মালিকের নেই। এর ফলে কিছু ক্রেতাকে চিরতরে হারাতে হবে।’
মজুরি নির্ধারণে বিলম্ব, বাড়ছে অসন্তোষ
গত অক্টোবরের শেষ সপ্তাহে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করেই মূলত অসন্তোষ ও বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে আন্দোলন বড় আকার ধারণ করলে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর এ পর্যন্ত দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।
এদিকে মজুরি বোর্ড আগেই সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে, তা আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
শ্রমিকদের প্রস্তাবের পর মালিকপক্ষ কত টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত গত সোমবারের বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় মালিকদের প্রস্তাব প্রকাশ্যে আসেনি।
মজুরি নির্ধারণের প্রশ্নে মালিক ও শ্রমিকদের মধ্যে মতপার্থক্যও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে যে, শ্রমিকদের দাবির তুলনায় অর্ধেকেরও কম মজুরির প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ।
এর মধ্যে গত সোমবারের বৈঠক স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে সন্দেহ ও সংশয় আরও বেড়েছে।
মজুরি বোর্ডের পক্ষ থেকে একজন শ্রমিক প্রতিনিধির অসুস্থতার কারণে বৈঠক স্থগিত করার কথা জানানো হয়। তবে এর পাশাপাশি এমন ধারণাও ছড়িয়ে পড়ে যে, সরকার মজুরি নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত করতে চাইছে। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, মালিকপক্ষের সম্ভাব্য কম মজুরির প্রস্তাবের কারণে যাতে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তবে সরকারের পক্ষ থেকে এই বিলম্বের অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘উভয় পক্ষ আলোচনা করে একটা সহনীয় পর্যায়ে তারা ন্যূনতম মজুরিটা নির্ধারণ করবেন। সেজন্য কিছুদিন সময় প্রয়োজন। এটা একটা প্রক্রিয়ার বিষয়।’
সরকারের দুর্বলতা কোথায়?
শ্রমিক ও মালিক—উভয় পক্ষের বক্তব্যে সরকারের তিনটি দুর্বলতার বিষয় উঠে এসেছে। এগুলো হলো, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং মজুরি নির্ধারণের প্রক্রিয়া চূড়ান্ত করতে বিলম্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় তারা কোনো বিলম্ব করতে চান না।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব তো তৈরি আছে। বৈঠক স্থগিত না হলে এতদিনে আমরা প্রস্তাব দিয়ে দিতে পারতাম। এখন আগামী সপ্তাহে যে বৈঠক হবে, সেখানেই প্রস্তাব দেওয়া হবে।’
তবে তার মতে, শ্রমিকদের পক্ষ থেকে যে মজুরি দাবি করা হয়েছে, তা অযৌক্তিক।
ফজলে শামীম এহসান বলেন, ‘একটা কথা আছে, কামান চাইলে পিস্তল পাওয়া যাবে। আমার মনে হয়, ওই রকম একটা তত্ত্বের ভিত্তিতেই তারা আসলে প্রস্তাবটা দিয়েছেন। কিন্তু আমি মনে করি, এ ধরনের অযৌক্তিক প্রস্তাব দেওয়া উচিত হয়নি। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে মজুরি নিয়ে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়। এখন বাস্তবে তারা যদি সেই প্রত্যাশা অনুযায়ী মজুরি না পান, তাহলে নতুন করে অসন্তোষ তৈরির ঝুঁকি তৈরি হবে।’
মালিকপক্ষের বক্তব্য থেকে ধারণা পাওয়া যাচ্ছে, তাদের প্রস্তাবিত মজুরির পরিমাণ শ্রমিকদের দাবির তুলনায় কম হতে পারে। ফলে সেই প্রস্তাব জমা দেওয়ার পর নতুন করে অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করা প্রয়োজন।
তিনি বলেন, ‘যদি একটি ভালো প্রস্তাব আসে, তাহলে আমার ধারণা, এরপর আন্দোলন চললেও সেটির খুব একটা ভিত্তি থাকবে না। তখন এ ধরনের আন্দোলন একটা পর্যায়ে গিয়ে মিটিয়ে ফেলা সম্ভব হবে। আর তখন বাইরের রাজনৈতিক উপাদানগুলোও খুব বেশি উসকানি দিতে পারবে না। কিন্তু তা না করে যদি বিষয়টি দীর্ঘায়িত করা হয়, তাহলে সব সমস্যা একসঙ্গে ঘনীভূত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’
গার্মেন্টস মালিকরা জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাব জমা দেবেন। তবে এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মজুরি চূড়ান্ত করতে কতদিন সময় লাগবে, তা এখনো অনিশ্চিত।
কিন্তু মজুরি নিয়ে আলোচনা চলার মধ্যেই কেন কারখানা বন্ধ হচ্ছে এবং শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে, সেই প্রশ্নও সামনে এসেছে।
এ পরিস্থিতির জন্য মূলত আওয়ামী লীগকে দায়ী করছে সরকার।
গত মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন যে অসন্তোষ চলছে, আমাদের কাছে যে তথ্য আছে, আমি বলব তারা শ্রমিকের মধ্যে মিশে গিয়েছে। কিছু শ্রমিক নামধারী তারা এই অসন্তোষটাকে জিইয়ে রাখতে চায়। তারা ফ্যাসিবাদী শক্তি, তারা আওয়ামী লীগ।’
সূত্র: বিবিসি বাংলা