
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য ও চামড়াজাত পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এ খাতে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে। পাশাপাশি স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে আন্তর্জাতিক বাজারে আরও অনেক অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। কারণ, এ খাত এখন আর শুধু গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকারী ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত।
আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।