পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান পৌঁছেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে বিশেষায়িত তিনটি ট্রাকে করে ইউরেনিয়ামের চালানটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় চালানটি কেন্দ্রে নেওয়া হয়।
এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি পরিবহনের মোট নয়টি চালান পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হলো।
রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো ফ্লাইটে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হয়েছে। আর প্রথম ইউনিটের জ্বালানি পুনরায় ভরার জন্য দুটি কার্গো ফ্লাইটে এসেছে ৪৮টি অ্যাসেম্বলি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার তৈরি দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টর রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এদিকে, বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন রাত ১১টা ৫০ মিনিটে উৎপাদন বন্ধ হওয়ার আগে আট ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সফলভাবে পরীক্ষা সম্পন্ন হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। দীর্ঘ প্রতীক্ষা, কারিগরি কাজ ও জটিল পরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া আনন্দের সংবাদ।
প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কবির হোসেন জানান, গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় ধাপের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।