
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অভিযানে একজন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।