
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার গতি বাড়াচ্ছে বিএনপি। সেই ধারাবাহিকতায় আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, “এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।” তবে সফরের দিন নির্ধারিত হলেও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, “তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনি সফরসূচি নির্ধারকদের ওপর।”
ডা. জাহিদ হোসেন আরও বলেন, “এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ সদর আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
দিনাজপুরে কর্মসূচি সফল করতে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে বৈঠক করেছি। সেই সাথে আমরা প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছি।”
এছাড়া সফরের অংশ হিসেবে ওই দিন তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলেও জানান তিনি।