
নির্বাচনী মাঠে দ্বৈত আচরণের অভিযোগ তুলে টেলিভিশনের কথাবার্তা আর বাস্তবতার ফারাক সামনে এনেছেন বিএনপির শীর্ষ নেতা নজরুল ইসলাম খান। ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগ নিয়ে তিনি নির্বাচন কমিশনের অবস্থান জানতে চেয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “অনেকেই টকশোতে ভালো ভালো কথা বলছেন, কিন্তু বাস্তবে ভোটারদের টাকা দিচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের কীভাবে দেখছে, সেটি জানতে চেয়েছি। ইসি জানিয়েছে, এ ধরনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, “লাখ লাখ নারীদের বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট পেপার তৈরি করতে গিয়ে অনেকেই ধরাও পড়ছে। এসব অনাচার কীভাবে রোধ করা হবে, সে বিষয়ে ইসির করণীয় জানতে চাওয়া হয়েছে। ইসিকে বারবার বলা হলেও এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
বৈঠকে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা সবাই গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে একসঙ্গে আন্দোলন করেছে।”
ব্যালট পেপার সরবরাহ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছালে আমরা খুশি হতাম। তবে পরিস্থিতি বিবেচনায় আগের দিন ব্যালট পাঠানো হচ্ছে। এতে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”