
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণার ১৩টি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
জামায়াত আমির লিখেছেন, “আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫ এ দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামাতে চায়, তারা ভুলে যাচ্ছে, এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।”
শফিকুর রহমানের মতে, “ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের মনে দাঁড়িপাল্লা প্রতীক ইতিমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে, যা আগামীকালের ভোটে প্রতিফলিত হবে।”