
নির্বাচনের ঠিক আগে বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে ‘টাকা উদ্ধার’ অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এ মন্তব্য করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে এবং নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
তিনি বলেন, "কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে,"
সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী মনিরা শারমিন ‘তথ্য সন্ত্রাস’-এর অভিযোগ তোলেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, "তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না"।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, "মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে"। এ সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান মনিরা শারমিন।
সূত্র: বিবিসি