
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে এনসিপি আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি।” ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, উৎসবমুখর পরিবেশে সবাই যেন কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার সকালে বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আমরা চাই দেশের মানুষ উৎসবের সাথে ভোট কেন্দ্রে ভোট দিতে আসুক। সবাই যেন যেন দলে দলে আসে।” তিনি আরও যোগ করেন, “এখনই সময় দেশের মালিকানা বুঝে নেয়ার। এতদিন এই সুযোগ ছিলো না। অভ্যুত্থানের পর সুযোগ হয়েছে। তাই জনগণ যেন হ্যা ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।”
নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা দেখেছেন গতকাল থেকে আমাদের বিভিন্ন প্রার্থী ও কর্মীদের উপর হামলা করা হয়েছে। জনগণের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে। অনেক গুলো জায়গায় হামলা হয়েছে। আমাদের নির্বাচনি ক্যাম্প বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু আমরা এই প্রতিকূলতাকে ফোকাস করছিনা। আমরা চাই জনগণ ভোটে আসুক। ব্যালটের মাধ্যমে এসবের জবাব দিক।”
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভোটারদের সাহসিকতার সঙ্গে কেন্দ্রে এসে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।