
ভোটের পরিবেশ নিয়ে সতর্ক বার্তা দিলেও শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করেছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে এ কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।’
ফলাফল যাই হোক তা মেনে নেবেন কিনা এমন প্রশ্নে মামুনুল হক স্পষ্ট করেন, ‘(যদি) কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।’
এদিকে, রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগও উঠে আসে। এ প্রসঙ্গে খেলাফত মজলিসের আমীর জানান, ‘ঢাকা ১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের আমরা সংবাদ পেয়েছি। আমরা সে বিষয়টি যাচাই যাচাই করার সুযোগ পায়নি আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’