
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ৪৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফলে তিনি জয়ী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট। ফলে প্রাপ্ত কেন্দ্রগুলোর হিসাবে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন হাসনাত।
এই আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
