
কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের নির্বাচনী লড়াইয়ে চিলমারী উপজেলার ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টিতে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে পাওয়া বেসরকারি ও অনানুষ্ঠানিক ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
পোলিং এজেন্টদের তথ্যানুযায়ী, চিলমারী উপজেলার ওই ৩০টি কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১৩ হাজার ৫২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ১১ হাজার ৬৫১ ভোট। প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াত প্রার্থী।
তবে চিলমারী উপজেলার অবশিষ্ট কেন্দ্রগুলোর পাশাপাশি রৌমারী ও রাজিবপুর উপজেলার পূর্ণাঙ্গ ফলাফল এখনও পাওয়া যায়নি। ফলে সামগ্রিক ফলাফলে কে এগিয়ে থাকবেন, সে বিষয় এখনই চূড়ান্ত নয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ আসন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ উভয় দলের প্রার্থী আপন দুই ভাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একে অপরের হয়ে লড়ছেন তারা।