
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বেসরকারিভাবে পাওয়া চূড়ান্ত ফলাফলে বিশাল জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ড. কেরামত আলী।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞাকে ২৯ হাজার ১৫৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
শিবগঞ্জ উপজেলার ১৫৯টি ভোটকেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ড. কেরামত আলী পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ ভোট।
অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট।
নির্বাচনী সূত্র জানিয়েছে, সকাল থেকেই শিবগঞ্জের কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ড. কেরামত আলীর এই বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর শিবগঞ্জ পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করেছেন।
বিজয় অর্জনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কেরামত আলী শিবগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বর্তমানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার চূড়ান্ত প্রক্রিয়া চলছে।