
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সময়ে রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা দিয়েছেন, তার জন্য কমিশন কৃতজ্ঞ। এছাড়া নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা, দেশি ও বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের অনুরোধও করা হয়েছে।