
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে।
কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক একীভূত ফল প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটগ্রহণে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
শেরপুর-৩ আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে ভোট হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল করা হয়েছে।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট প্রার্থী ২,০৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। বিএনপি ২৯১ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে লড়ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন হাতপাখা, জামায়াতে ইসলামী ২২৯ জন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি ১৯৮ জন লাঙ্গল, আর জাতীয় নাগরিক পার্টি ৩২ জন শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটার সংখ্যা মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন, সর্বোচ্চ গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
২৯৯টি আসনে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ রয়েছে। নির্বাচনি দায়িত্ব পালন করছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে প্রায় ৯ লাখ সদস্য। পর্যবেক্ষণে আছে ৮১টি দেশি সংস্থার ৫৫,৪৫৪ জন ও প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।