
জামায়াতে ইসলামী কুমিল্লা, পটুয়াখালী ও শরীয়তপুর জেলার তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জানিয়েছে। এসব আসন হলো— কুমিল্লা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২।
দলটির অভিযোগ, এই আসনে প্রার্থীদের মারধর করা হয়েছে, এজেন্টদের কেন্দ্র থেকে বের করা হয়েছে এবং ভোটারদের ওপর ভীতি প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াতের প্রতিনিধি দল ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের বলেন, “কুমিল্লা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২ আসনের ভোটপ্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় পুনরায় ভোটের জন্য আমরা ভোট স্থগিতের দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, “অনিয়মের প্রমাণ হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট লিংক জমা দিয়েছি। নরসিংদী, নোয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনাও ইসির কাছে তুলে ধরা হয়েছে।”
জামায়াতের প্রার্থীরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— কুমিল্লা-৮: শফিকুল আলম হেলাল; পটুয়াখালী-১: মোহাম্মদ আব্দুল ওহাব; শরীয়তপুর-২: মাহমুদ হোসেন। অন্যান্য দলের প্রার্থীরা হলেন বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে।
