
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে বেসরকারিভাবে পাওয়া পূর্ণাঙ্গ ফলাফলে বিশাল জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬ হাজার ৬১৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
আসনটির সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল সমন্বয় করে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে নুরুল ইসলাম মনি পেয়েছেন মোট ৮২ হাজার ৬ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতানা আহমেদ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৮৮ ভোট।
সংশ্লিষ্ট নির্বাচনী সূত্র নিশ্চিত করেছে, প্রতিটি কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর এই চূড়ান্ত চিত্র পাওয়া গেছে। নুরুল ইসলাম মনির এই বিজয়ে নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার জন্য বর্তমানে প্রার্থী ও তার সমর্থকরা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অপেক্ষা করছেন।
উপকূলীয় এই আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।