
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিস-এর মনোনীত মুফতি আবুল হাসান ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়ত উলেমা ই ইসলাম বাংলাদেশ এর উবায়দুল্লাহ ফারুক ‘খেজুরগাছ’ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।
ইমামতি থেকে সংসদ ভবনে
মুফতি আবুল হাসান পেশায় একজন ইমাম ও খতিব। পাশাপাশি তিনি মাদরাসার শিক্ষক এবং স্থানীয়ভাবে পরিচিত ইসলামী বক্তা। ভোটের পরদিনও তিনি মসজিদে ইমামতি করেন।
জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আল্লাহর রাসূল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তো ওই রাসূলের উম্মত। সেই হিসাবে মসজিদের মিম্বর থেকে আলহামদুলিল্লাহ এখন সংসদ ভবন পর্যন্ত পৌঁছেছি দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য। পিছিয়ে থাকা খাতগুলোতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচিতি
১৯৬৬ সালের ১৫ অক্টোবর জন্ম নেওয়া মুফতি মোহাম্মদ আবুল হাসান সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের বাসিন্দা। তার পিতা মোহাম্মদ আব্দুল লতিফ ও মাতা মোছাম্মাৎ আছারুন বিবি।
তিনি বর্তমানে সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা। ১৯৯৩ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। বর্তমানে জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসায় শিক্ষকতা করছেন। এছাড়া ২০০০ সালের জুন মাস থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় নেতৃত্ব থেকে জাতীয় সংসদে তার এই যাত্রা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।