
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়ী হওয়ার পর একটিকে বেছে নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়।
গেজেটে বলা হয়, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ ও ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইলো।
এর আগে সোমবার বিকেলে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে চিঠি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—উভয় আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে একাধিক আসনে জয়ী হলে কেবল একটি আসনের প্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার সুযোগ থাকে; বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। শূন্য হওয়া আসনগুলোতে বিধি অনুযায়ী উপ-নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন।