
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী চীনা দূতাবাসের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিকে নিজেদের যৌথ উদ্যোগ হিসেবে তুলে ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পরে বিতর্কের মুখে ফেসবুকে শেয়ার করা বক্তব্যগুলো সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচির ছবি প্রকাশ করা হয়। সেখানে প্রথমে এটিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ আয়োজন হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বিকেল ৪টার দিকে দেওয়া ওই পোস্টে লেখা ছিল, 'মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ। এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন সম্মানিত আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।'
তবে পরবর্তীতে সমালোচনা শুরু হলে পোস্টটির ভাষা পরিবর্তন করা হয়। ফেসবুকের এডিট হিস্ট্রি অনুযায়ী, এটি চারবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট ঘণ্টা আগে সংশোধিত সংস্করণ প্রকাশিত হয়।
সংশোধিত পোস্টে লেখা হয়, 'আজ ১৭ মার্চ, মঙ্গলবার সকাল ১১ টায়, ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়।'
এতে আরও উল্লেখ করা হয়, 'এসময় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এই ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চায়না এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) এবং চায়না এম্বাসির পলিটিক্যাল ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।'
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসও তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একই অনুষ্ঠানের ছবি প্রকাশ করে। সেখানে তারা লিখেছে, 'ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে চীনা দূতাবাস।'
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে দূতাবাসের পোস্টে বলা হয়, 'জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্যসামগ্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন। তিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দলীয় পর্যায়ে সম্পর্ক জোরদার, তৃণমূল পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে।'