
রাজনীতির অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে একযোগে যোগ দিচ্ছেন বিভিন্ন সংগঠনের একাধিক নেতা-কর্মী। আজকের এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা-কল্পনা।
রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন—ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান উদ্যোক্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও এ দলে যুক্ত হচ্ছেন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের আরও অনেক নেতা-কর্মী এনসিপি ও এর সহযোগী সংগঠনে যোগ দেবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তিতে, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তিতে এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।
এনসিপির ওই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আজকের যোগদানের মধ্য দিয়ে একটি ধাপ শুরু হচ্ছে, পর্যায়ক্রমে আরও অনেকে এই দলে যুক্ত হবেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “এনসিপি বড় দল হতে চায়। এর জন্য অনেককেই অ্যাকমোডেট করতে হবে। যাঁরা বাংলাদেশপন্থা ও সংস্কারের পক্ষে আছেন, তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে।”
জানা গেছে, আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত একসময় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি গঠনের সময় তারা সেখানে যুক্ত হন।
এরপর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এনসিপি গঠনের আলোচনা শুরু হলেও, প্রথমদিকে তারা দলে যোগ দেননি। পরে ২০২৫ সালের ১৬ মার্চ তারা ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন এবং ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এতে জুনায়েদ আহ্বায়ক এবং রাফে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পান।
তবে সাম্প্রতিক সময়ে আপ বাংলাদেশ ভাঙনের মুখে পড়ে। এরপর গত ৩ এপ্রিল প্ল্যাটফর্মটির প্রধান সংগঠক নাঈম আহমেদের উদ্যোগে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটে। এই প্রেক্ষাপটে আপ বাংলাদেশের শীর্ষ দুই উদ্যোক্তা জুনায়েদ ও রাফে এনসিপিতে যোগ দিচ্ছেন।
এনসিপিতে যোগদানের বিষয়টি জুনায়েদ নিজেই নিশ্চিত করেছেন। একইসঙ্গে রাফের যোগদানের বিষয়টি আপ বাংলাদেশের একটি সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা ইসহাক সরকারেরও এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ নয়, পরে তিনি দলে যোগ দিতে পারেন বলে জানা গেছে। এ বিষয়ে ইসহাক বলেন, “আমি এনসিপিতে যোগ দিতে পারি। এ ব্যাপারে আলোচনা চলছে।”