
পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক আহ্বায়ক মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও শারীরিক লাঞ্ছনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
শনিবার (২৩ মে) ভোরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে এই হামলার ঘটনাটি ঠিক কখনকার, তা ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, গত সপ্তাহে আকতার হোসেন ব্যক্তিগত সফরে পর্তুগালে যান।
ফেসবুক পোস্টে আকতারের অভিযোগ
হামলার শিকার হওয়ার পর আজ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আকতার হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, "আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।"
ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লিসবনের একটি পার্কের মধ্যে এনসিপি নেতা আকতার হোসেন দুজন ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছেন। এমন সময় হঠাৎ এক যুবক এসে তাঁর ওপর ডিম নিক্ষেপ করেন। এর পরপরই আরও দুই যুবক এসে একইভাবে ডিম ছুড়তে থাকেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকরা আকতার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর শুরু করেন। এক পর্যায়ে আকতার নিজেকে বাঁচাতে দৌড়ে ওই স্থান থেকে সরে যান।
এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পর্তুগাল প্রবাসী বা স্থানীয় ছাত্রলীগ নেতাদের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাত দিয়ে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
"এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেন। গতকাল তাঁর ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
বিবৃতিতে দেশে ও প্রবাসে অবস্থানরত এনসিপির সকল স্তরের নেতা-কর্মীদের এই উদ্ভূত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।