
সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ-পূর্ব রাজনৈতিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সংগঠক হিসেবে ব্যাপক পরিচিতি পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই সময়ের গণ-আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকার মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে উঠে আসেন।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।