
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে থাকলেও তিনি নিরাপদ রয়েছেন। তবে হামলায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে কারা জড়িত ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে সীমান্ত এলাকায় ভারত থেকে কথিত পুশইনের অভিযোগে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে বেনাপোল সফরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থানরত কয়েকজন ব্যক্তিকে ঘিরে চলমান পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি সেখানে যান বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।