
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই দুই নেতাকে মাদকসদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের মাদক সেবন করতে দেখা গেছে। এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও অনৈতিক কাজ। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’
তবে এ বিষয়ে বহিষ্কৃত দুই নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।