
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কারসাজি বা প্রভাব খাটানোর চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাসীরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করা হলে জনগণ তা মেনে নেবে না।”
বিচারের প্রশ্নে আপসহীন অবস্থানের কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা বিচারে বিশ্বাস করি। এই দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের বিচার চাই। বিচার নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতা করা হবে না।”
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন, নির্যাতন ও গণহত্যার অভিযোগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার যদি এসব ঘটনার বিচার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে ১১ দলীয় জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিচার কার্যক্রম এগিয়ে নেবে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, নির্যাতনের শিকার মানুষ প্রতিশোধ নয়, ন্যায়বিচার চায়। তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণ রাজপথে অবস্থান নেবে। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।