
সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মনে করেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং সীমান্তবর্তী জনগণকে প্রশিক্ষিত ও সক্ষম করে তুলতে হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তসংক্রান্ত বিষয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সমন্বিত জাতীয় অবস্থান প্রয়োজন। তার মতে, ভারতের মতো শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ সমস্যার স্থায়ী সমাধান নয়। সীমান্তকে কার্যকরভাবে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকার বাসিন্দাদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা উচিত।
বক্তব্যে তিনি সীমান্ত হত্যা ও ‘পুশইন’ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উমামা ফাতেমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতারা।