
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এই রায় ঘোষণা করেন। তবে একই মামলায় অভিযুক্ত অপর আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম খান।
এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেক মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর তৎকালীন বিচারক মাসুদ পারভেজ। সেই মামলায় তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়েছিল।
আদালত সূত্র জানায়, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও আড়াল করার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন র্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী।
তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক এনু, রুপন ভূঁইয়া এবং তাদের আরও আট সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচারিক কার্যক্রমে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।