
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের দাবিকে ঘিরে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজ নিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা আহত শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
তিনি দাবি করেন, এসব ঘটনায় ছাত্রশিবিরের বহু নেতাকর্মী আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। হামলার ধরনকে তিনি ‘ফ্যাসিবাদী কায়দার’ সঙ্গে তুলনা করে বলেন, আহতদের হাসপাতালে গিয়েও হামলার মুখোমুখি হতে হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যদি উল্টো ভুক্তভোগীদের হয়রানি করা হয়, তাহলে তা জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরিয়াল টিম ও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।