
‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্থান পেলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, প্রদর্শনীটির উদ্দেশ্য ছিল কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরা। জিয়াউর রহমান কর্তৃত্ববাদী শাসক ছিলেন না বলেই তার ছবি সেখানে রাখা হয়নি।
শনিবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, কানাডা, ইরান, পাকিস্তান, মালদ্বীপ ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেডক্রসের ঢাকার হেড অব ডেলিগেশনসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রদর্শনীটি পরিদর্শন করেন।
জামায়াত আমির বলেন, ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তার প্রতি তারা গভীর শ্রদ্ধাশীল। এ ক্ষেত্রে তারা নির্মোহ ও বাস্তববাদী থাকার চেষ্টা করেছেন।
জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়ে তিনি বলেন, “উনি (জিয়াউর রহমান) তো কর্তৃত্ববাদী শাসক ছিলেন না। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, তাদের আমরা এখানে দেখিয়েছি। ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। আবার যারা মুক্তি দিয়েছেন, ন্যায্যতার ভিত্তিতে যাদের অবদান রয়েছে, সেটাও আমাদের ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে।”
অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।
তিনি বলেন, জাতীয় সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে মাসের পর মাস আলোচনা করে একটি চার্টার তৈরি করা হয়েছে। ছোটখাটো বিষয়ে ৩১টি দল একমত হলেও নিজেদের স্বার্থের প্রশ্নে মতভেদ তৈরি হয়েছে। তার দাবি, এসব মতভেদের বড় অংশ বর্তমান সরকারি দলের পক্ষ থেকেই এসেছে।
তিনি বলেন, এনসিপির দাবি ছিল গণপরিষদ, আর বিএনপি গণভোটের প্রস্তাব দিয়েছিল। গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ ‘হ্যাঁ’ বললে সেই রায় বাস্তবায়নে সবাই বাধ্য থাকবে বলেও তারা জানিয়েছিল।
শফিকুর রহমান বলেন, “তারা ক্ষমতায় গেলেন, প্রতারণার সুযোগ পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। দুটি শপথ নেওয়ার কথা, একটি নিলেন, আরেকটি নিলেন না।”
তিনি অভিযোগ করেন, একই ধরনের দুর্নীতি ও দলীয়করণ চলছে। জুলাই আন্দোলনে অনেক মানুষ পঙ্গু ও আহত হয়েছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, জীবন বাজি রেখে মানুষের আন্দোলন কি শুধু একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল?
বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই প্রকৃত অর্থে জুলাইয়ের সমাপ্তি হবে। আন্দোলনের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়িত হলেই জুলাই সার্থক হবে।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
উলামা প্রতিনিধি সম্মেলনে শফিকুর রহমান
রাজধানীর আইডিইবি মুক্তিযোদ্ধা সম্মেলন কেন্দ্রে আয়োজিত উলামা প্রতিনিধি সম্মেলনে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে চায় জামায়াতে ইসলামী।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি খলিলুর রহমান মাদানী, মাওলানা আবুল কালাম আযাদ বশর, ড. আব্দুস সামাদ ও মাওলানা তারেক মনওয়ারসহ অনেকে।