
বিরোধী দল আগের মতোই ভূমিকা পালন করছে এবং এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধীরা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। তবে জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন তারা এ বিষয়ে কথা বলবেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।
গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, সমস্যা দ্রুত সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। তবে সংকট কাটাতে কিছুটা সময় প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এসব সংকটের কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকেরা অনেক বিষয় নিয়ে লিখতে পারেননি। এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।