
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে তাদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘরের চাবি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।