
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে পারস্পরিক মূল্যায়ন, মর্যাদা এবং উভয় দেশের স্বার্থ সুরক্ষার ভিত্তিতে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো বা রাখি বাঁধার সম্পর্ক। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন আর নেই। বাংলাদেশের নেতৃত্বে রয়েছে বিএনপি। তাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের নতুন করে সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় একটি মনোভাব।
রাশেদ খাঁন বলেন, ভারত ইতোমধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।
এর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ আরও অনেকে।