
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই করা হবে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও স্থানীয় পর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনী এলাকায় বিএনপি একজনকেই প্রার্থী হিসেবে সমর্থন দেবে বলে জানান তিনি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই শেষে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না।
তিনি বলেন, বিএনপিকে শৃঙ্খলা ও সমন্বয়ের সঙ্গে পরিচালনা করাই এখন দলের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি নেতাকর্মীদের সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করতে এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে হবে।
রিজভীর ভাষ্য, নেতাকর্মীরা জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হবে না। বিএনপি জনস্বার্থের বাইরে কোনো কর্মকাণ্ডে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।