
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (২৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী ৩য় গ্রেডের সর্বশেষ ধাপের ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে মো. ইউনুস আলীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, রাষ্ট্রপতি যতদিন পদটি অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মো. ইউনুস আলীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের হরিণমারী হাট এলাকায়।